গতকাল শুক্রবার দুপুরে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার খবরটি ইত্তেফাককে জানিয়েছেন আরমান ভাই ও সিকান্দার বক্সসহ অসংখ্য জনপ্রিয় নাটকের এই নির্মাতা।
তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে আমার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। আইডিটা হ্যাকড করে আমার অনেক ব্যক্তিগত তথ্য মুছে দেওয়া হচ্ছে। কে বা কারা আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে তা জানি না। আইডিটা ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’
সাগর জাহান আরো বলেন, ‘আমি এ বিষয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি করেছি। জিডি নং-১১৭৮। বর্তমানে আইডিটি অন্য কেউ ব্যবহার করছেন। তাই সবাইকে বলছি, এই আইডি থেকে কোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট বা রাষ্ট্রীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে অন্য কেউ পোস্ট দিলে আমি দায়ী থাকব না। আমি এই কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
নির্মাতা সাগর জাহান বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার নির্মিত জনপ্রিয় টিভি সিক্যুয়াল ‘অ্যাভারেজ আসলাম’ এবারের ঈদে আসছে ভিন্ন আমেজে। নাটকটির নাম রাখা হয়েছে ‘ম্যারেড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’।
ইত্তেফাক/আনিসুর