আসন্ন ঈদে কোরবানি না করে সেই টাকা বন্যা দুর্গতদের মানুষের জন্য দান করার ঘোষণা দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ওমর সানীর এই ঘোষণার পর অনেকে প্রশংসা করলেও বেশ কিছু মহল থেকে সমালোচনা হয়। ওমর সানী মানুষকে কোরবানিকে নিরুৎসাহিত করছে বলে অভিযোগও ওঠে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে ওমর সানী শনিবার ফেসবুক লাইভে এসে ব্যাখ্যা দিয়েছেন।
ওমর সানী বলেন, আমি বলেছিলাম যে আমি এবার কোরবানি করব না। আসলে আমি কোরবানির জন্য কাউকে নিরুৎসাহিত করছি তা কিন্তু না। ধরে নেন আমি সবসময় গরু কোরবানি দেই। আমার ভাগ্যে তাই জোটে। তবে এবার আমার দুই সন্তানের জন্য দুটি খাসি কোরবানি করব। আমি আমার ওয়াইফ মৌসুমীর সঙ্গে শেয়ার করেছি বিষয়টা। তবে সেটা আমার আগের বক্তব্যে আসেনি। তাই আপনারা যারা সমালোচনা করেছেন যে আমি কোরবানিকে একদম টোটালি অফ করছি তা কিন্তু না। আমি ডেফিনেটলি কোরবানির পক্ষে।
ওমর সানী বলেন, অনেকেই আছে কোরবানির সময় দাড়িয়ে থেকে কোরবানি করে কিন্তু বণ্টনের সময় কাছেও থাকেনা। কিন্তু আমি সেটা করিনা। ব্যাপারটা আমি খুব এনজয় করি। একদম গরু জবাই থেকে শুরু করে কাটাকাটি, সমভাবে মাংস বণ্টন পর্যন্ত সেটা নিশ্চিত করার চেষ্টা করি।
দেখুন কোরবানিতে গরু বা উটের জায়গায় একটা খাসিও কোরবানি দিতে পারি। তাই সেটার অংশ যদি কিছু টাকা বন্যা দুর্গতের জন্য খরচ করতে পারি সেটা খারাপ হবে না কিন্তু। তার জন্য আপনারা কেউ ভাবেন না যে আমি কোরবানির জন্য নিরুৎসাহিত করছি। কারণ কোরবানি আল্লাহর হুকুম। যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করতে হবে।
ইত্তেফাক/ রেজা