জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় টিপু সুলতানের জানাজা অনুষ্ঠিত

 
যশোর-৫ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খাঁন টিপু সুলতানের প্রথম নামাজে জানাজা আজ রবিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
 
তিনি শনিবার রাতে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুইপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষে আইন মন্ত্রী আনিসুল হক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, ডেপুটি স্পিকারের পক্ষে সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সম্পাদক আবদুর রহমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পক্ষে সংসদ সদস্য মোহাম্মদ নোমান এবং দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
 
মরহুমের জানাজায় বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
 
এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন হুইপ শাহাব উদ্দিন, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী এমপি। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
 
ইত্তেফাক/কেকে