ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত নন্দীপাড়া-শেখেরজায়গা-মোস্তামমাঝি রাস্তা প্রশস্তকরণ ও সুয়ারেজের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে ১৮ অক্টোবর ২০১৮ থেকে। আঠারো মাসের এ প্রকল্পের এরই মধ্যে ২০ শতাংশ কাজ হয়েছে। কিন্তু শেখেরজায়গা অংশে ব্যাংক কলোনি সুইসরুমের কাছে রাস্তা প্রশস্ত করতে না পেরে মূল রাস্তা কেটে পাইপ বসানো হয়েছে। ফলে চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ চরমে। বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী এবং অফিসগামী মানুষ সময়মতো যাতায়াত করতে পারছে না। যানবাহন না থাকায় পৌনে তিন কিলোমিটার রাস্তা অনেক সময় পায়ে হেঁটে চলাচল করতে হয়। নন্দীপাড়া থেকে লাল মসজিদ পর্যন্ত অংশটুকু চলাচলের একেবারেই অনুপযোগী। গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াত করাও কষ্টসাধ্য। সন্ধ্যার পর যারা বাসায় ফেরেন তারা পড়েন চরম বিপাকে। তখন পাওয়া যায় না কোনো বাহন আর রাস্তায় বাতি না থাকায় চলাচল করতে গিয়ে ঘটে নানা দুর্ঘটনা। আর কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়লে বিপদ যেন মাথার ওপর এসে পড়ে। তিন-চার কিলোমিটার পথ ঘুরে তাকে নিকটস্থ হাসপাতালে নিতে হয়। অনেক সময় রাস্তায় রোগী মারা যায়। এ অবস্থায়, নতুন সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়া এ এলাকার উন্নয়ন কাজের সঙ্গে সঙ্গে নন্দীপাড়া থেকে শেখেরজায়গা পর্যন্ত অংশে রাস্তার এক পাশ দ্রুত সংস্কার করে চলাচলের ব্যবস্থা করলে এলাকাবাসীর দুর্ভোগ ঘুচবে আর রাস্তায় বাতির ব্যবস্থা করলে রাতে নানা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
নিয়াজ রহমান শুভ
পূর্ব নন্দীপাড়া (শেখেরজায়গা),
খিলগাঁও, ঢাকা ১২১৯