ট্রাম্পের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিনিধি পরিষদে বিল উত্থাপন

 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক ও শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি শুক্রবার উত্থাপন করেছেন ডেমোক্র্যাট সদস্য জো লফগ্রেনস। তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং মন্ত্রিপরিষদের সদস্যদেরকে প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণে উদ্যোগ নেওয়ারও আহবান জানিয়েছেন। খবর লস অ্যাঞ্জেলস টাইমস ও দ্য হিল’র
 
বিলে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর কথাও বলা হয়েছে যাতে উল্লেখ আছে কী কারণে এবং কোন পদ্ধতিতে প্রেসিডেন্টকে অপসারণ করা যায়। স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যাবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সি চালাতে সক্ষম কি না। এর আগে ভার্জিনিয়ার সহিংসতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর প্রভাবশালী রিপাবলিকান সিনেটর বব ক্রোকারও প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 
 
তিনি গত বৃহস্পতিবার বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ২৫ তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিপরিষদের সদস্যরা অভিযোগ করতে পারেন, ট্রাম্প সাংবিধানিক দায়িত্ব পালনের যোগ্য নন। তখন প্রতিনিধি পরিষদ এবং সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যরা তার অভিশংসনের জন্য বিল পাস করতে পারেন। 
 
নতুন বিলে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং যে ধরনের আচরণ করছেন তাতে মনে হয় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন যার জন্য তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন।
 
ইত্তেফাক/আনিসুর