পবিত্র ঈদুল আজহার সময় পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা। আর খাসি ও ভেড়ার ক্ষেত্রে দেশের সর্বত্র প্রতি বর্গফুট চামড়ার দাম হবে ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা। রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতবারও ঈদে চামড়ার এই দর নির্ধারণ করা হয়েছিল।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে শিল্প সচিব এম আবদুল্লাহ, বাণিজ্য সচিব সুভাশিষ বোস, চামড়া ব্যবসায়ীসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, লবণযুক্ত অথবা লবণ ছাড়া, যাই হোক না কেন, প্রতি বর্গফুট চামড়ার দাম এটাই থাকবে। মহিষের চামড়ার দর কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাজার অনুসারে ব্যবসায়ীরা মহিষের চামড়ার দাম ঠিক করবে। তিনি বলেন, চামড়া যাতে পাচার না হয়, সে জন্য সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়াকে ইয়ার অব দ্য প্রোডাক্ট ঘোষণা করা হয়েছে। এ কারণে চামড়া খাতকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এ বছর চামড়াজাত পণ্য রফতানি করে ১.৫ বিলিয়ন ডলার আয় করা হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য ৫ লাখ টন লবণ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আমাদের লবণের ঘাটতি ৩ লাখ টন।
উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেবে, এ বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা এক কোটি ১৫ লাখ ৫৭ হাজার। এর মধ্যে গরু-মহিষ ৪৪ লাখ ৫৭ হাজার এবং ছাগল-ভেড়া ৭১ লাখ।
ইত্তেফাক/কেকে