দায়িত্ব নিলেন শাবির নতুন উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
 
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 
 
যোগদানের পর দৈনিক ইত্তেফাকের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, শাবিপ্রবির সুনাম বিশ্ব জুড়ে। দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠতর করাই লক্ষ্য। এ জন্য শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ সতর্কতা জোরদার করা হবে। এ ছাড়া চলমান সেশনজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হবে। 
 
এর আগে সকাল সাড়ে ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। পরে সেখান থেকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার শরীফ জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি