ইত্তেফাককে নিয়ে যা বলেছিলেন নায়করাজ

 
অবশেষে চলে গেলেন নায়করাজ রাজ্জাক। কিন্তু গতবছরে কয়েকবার উনার মৃত্যুর গুজব রটে গণমাধ্যমে। এতে খুব মনোক্ষুন্ন হন কিংবদন্তি এই অভিনেতা। সেসময় এ বিষয়ে তিনি দৈনিক ইত্তেফাককে বলেন, ‘ইত্তেফাক কখনোই আমাকে হুটহাট করে মেরে ফেলেনি।’
 
তার সেই মন্তব্য পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো-
নায়করাজ বলেন, ইদানিং সকালে উঠে পত্রিকা হাতে নিতে ভয় লাগে! গত দু-বছর ধরে দেখছি। সকালে ফোন রিসিভ করাটাও প্রায় বন্ধ করেছি। মাত্র কিছুদিন আগে আমার এক পুরোনো বন্ধু ফোন করলেন। হ্যালো বলতেই ওপাশ থেকে বন্ধুটি বললো, ‘যাক, বেঁচে আছিস।’ পরে একাধিক পত্রিকায় দেখি আমার মৃত্যুর খবর, মৃত্যু গুজব, আমি নাকি মরণাপন্ন ইত্যাদি শিরোনামের খবর। ইত্তেফাক কখনোই আমাকে হুটহাট করে মেরে ফেলেনি।
 
তিনি আরো বলেন, দৈনিক ইত্তেফাক তো আমার কাছে শুধু একটি পত্রিকায় নয়, আমার ফিল্ম ক্যারিয়ারে এটি অনেকটা দিকনির্দেশনার মতো। আমরা বিভিন্ন ছবি বা তারকা জীবনের রিভিউ পড়ে শিক্ষা নিতাম কি করা উচিত্, কার ছবিতে সাইন করলে ক্যারিয়ার মজবুত করা যাবে। ইত্তেফাক আমার কাছে সেই প্রাণের জায়গা। প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া আমার-আমাদের কাছে বিরাট মাপের তারকা। তার গড়া এই দৈনিকের একটি সিঙ্গেল কলাম খবরের অনেক মূল্য, অনেক সম্মান রয়েছে।
 
তিনি আরো বলেন, ভালো লাগে যে, এখন পর্যন্ত কোনো বিষয়ে, কোনো ঘটনার সত্যাসত্য জানতে ইত্তেফাক কি লিখেছে সেটি পড়ে দেখি। সেটা শো-বিজ হোক বা রাজনীতির খবর। ইত্তেফাক কখনো তার খবর দিয়ে ঘটনাকে কোনোদিকে প্রভাবিত করার চেষ্টা করে না। যা ঘটে তাই লেখে।
 
‘তবে খুব মিস করি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সেই সময়। নতুন ছবি রিলিজ হবে, ইত্তেফাকের ছবির বিজ্ঞাপনে আমার কত বড় ছবি ছাপা হলো তা দেখার এক দারুণ আগ্রহ আর কৌতুহল। আজো এই পত্রিকা আমার পরিবারের সঙ্গী।’ যোগ করেন এই মহান অভিনেতা।
 
ইত্তেফাক/ইউবি