কুবির সেই শিক্ষকের ছুটি প্রত্যাহার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসে ক্লাশ নিয়েছেন এমন অভিযোগে দেয়া বাধ্যতামূলক ছুটির আদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস স্মারক সূত্রে বিষয়টি জানা গেছে। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে ক্লাশ নেয়ার অভিযোগে গঠিত তদন্ত কমিটি বাতিল না করায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। 
 
ছুটি বাতিলের অফিস স্মারক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবি এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়াকে ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ মাসের ছুটির অফিস আদেশ বাতিল করা হয়েছে। 
 
ছুটি প্রত্যাহারে কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে মাহবুবুল হক ভূঁইয়া বলেন, ‘যে তদন্ত কমিটি হয়েছে তার উপর আমার আস্থা নেই।’তদন্ত কমিটির দ্বারা তার ক্ষতি হতে পারে এমন আশঙ্কার কথাও জানান মাহবুবুল হক। 
 
এ বিষয়ে রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, ‘শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে তার ছুটি প্রত্যাহার করা হয়েছে।’