‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ শব্দে যে মানুষটি নিজেকে মেলে ধরতে হাজারবার গিয়েছেন এফডিসিতে, আজো শেষবারের মতো যাবেন সেখানে, তবে নিথর দেহে। আজ হয়তো কারো সঙ্গে কথা বলবেন না, শুধু ভক্ত আর মানুষের ভালবাসা দেখবেন চুপচাপ নিশ্চিন্তে।
মঙ্গলবার সকাল ১১টায় নায়করাজ রাজ্জাকের মরদেহ তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নেয়া হবে। বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে। সকালে বৃষ্টি মাথায় নিয়ে এফডিসিতে হাজির হয়েছেন ভালবাসার মানুষগুলো।
আজকের এফডিসি চেনার উপায় নেই। নেই কোন শুটিং আর লাইট-ক্যামেরা নিয়ে হাক ঢাক। সুনসান নিরবতায় মুড়ানো। শোক আর বেদনাময় ছাপ। চলছে নায়করাজের শেষ বিদায়ের প্রস্তুতি।
সোমবার নায়করাজের পরিবার জানিয়েছে, তার মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মেজ ছেলে বাপ্পী কানাডা থেকে ফেরার পর বনানী কবরস্থানে মরহুমকে দাফনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এর আগে মঙ্গলবার বেলা ১১টায় এফডিসিতে নেওয়া হবে রাজ্জাকের মরদেহ। সেখান থেকে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।
গুলশানের আজাদ মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে জানাজা। এরপরই রাজধানীর বনানী কবরস্থানে এই শিল্পীকে দাফন করা হবে। নায়করাজ রাজ্জাক গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/আনিসুর