‘বোঝাপড়ার কারণে পর্দায় আমাদের জুটি বেশি প্রাণবন্ত হতো’

 
চলচ্চিত্রের মিষ্টি মেয়ে-খ্যাত চিত্রনায়িকা সারাহ্ বেগম কবরী। সিনেমা জগতের যুগ কাপানো প্রেমিকজুটি ছিলেন রাজ্জাক-কবরী। তাদের মুখের প্রেমময় সংলাপকে পর্দার এপাশের সব প্রেমিক প্রেমিকারা সবসময়ই নিজের বলে গ্রহণ করেছেন।
 
সেই জুটির নায়ক চলে গেলেন। কিভাবে নিচ্ছেন নায়িকা কবরী। বাকরুদ্ধ কবরী বলেন, ‘এই মুহূর্তে আসলে কি বলা উচিত আমি জানি না। যেই মানুষটি চলে গেছেন তার বিষয়ে দু-চার লাইনে শেষ করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বিশ্বাসই করতে পারছি না তিনি আমাদের মাঝে নেই। কষ্ট হচ্ছে খুব। তার বাসায় যাওয়ার চিন্তা করছিলাম কয়দিন ধরে। কেমন যেন সময় হচ্ছিল না। অনেক দিন দেখা হয়নি। তাই দেখতে ইচ্ছে হচ্ছিল; কিন্তু দেখাটা এভাবে হবে ভাবিনি। তার সাথে কত স্মৃতি। তার কোনো হিসাব নেই।’
 
‘ছোট একটি কথা তাকে নিয়ে বলতে পারি। আমাদের সেই সময়টায় রাজ্জাক সাহেবের সাথে আমার রোমান্টিক ছবির একটি চাহিদা ছিল। রাজ্জাক সাহেবের সাথে আমার খুনসুটি বরাবরই ছিল। কারণ তিনি যখন ভালো একটা এক্সপ্রেশন দিতেন আমি প্রশংসা করতাম; কিন্তু তিনি কখনই আমার কাজে প্রশংসা করতেন না; কিন্তু আমি জিজ্ঞেস করার পর বলতেন ভালো করেছো। একসাথে কাজ করায় আমাদের মধ্যে বোঝাপড়াটাতো ছিলই। সেই বোঝাপড়ার কারণেই পর্দায় আমাদের জুটি বেশি প্রাণবন্ত হতো।’ জানালেন কবরী।
 
ইত্তেফাক/আনিসুর