ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১৮০ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ১৪ বোতল ফেনসিডিল ও ৭ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা করা হয়েছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে।