আশুলিয়ায় অপহূত ব্যবসায়ী সখিপুরে উদ্ধার, গ্রেফতার তিন

ইত্তেফাক রিপোর্ট

সাভার উপজেলার আশুলিয়া থেকে মো. ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনার ১০ দিন পর টাঙ্গাইলের সখিপুরের পাহাড়তলী এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত ১০ দিন আগে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ব্যবসায়ী ইদ্রিস আলীকে তার পূর্ব পরিচিত রাজু তালুকদার কৌশলে অপহরণ করে টাঙ্গাইলের সখিপুর নিয়ে যায়। পরে তাকে স্থানীয় পাহাড়তলী এলাকায় নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহূত ব্যবসায়ীর স্বজনরা বিষয়টি আশুলিয়া থানায় জানিয়ে একটি লিখিত অভিযোগ করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, অপহূতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে অপহূত ব্যবসায়ী ইদ্রিস আলীকে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার মূল হোতা রাজু তালুকদার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।