বিএসএমএমইউয়ে স্নাতকোত্তর কোর্সসমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর কোর্সসমূহের (এম.ফিল, এমপিএইচ, পিএসএম, এম. মেড, ডিপ্লোমা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজধানীর ফার্মগেট সংলগ্ন তেজগাঁও কলেজে অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।

বিএসএমএমইউয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশনা ও তদারকি এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন ও দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ সম্ভব হয়েছে। পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ।