জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইতিহাস কথা বলে:সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
 
সভাপতির বক্তব্যে ড. হারুন-অর-রশিদ বলেন, ‘মানুষ যা বলে বা লিখে তা ইতিহাস নয়, যা সত্য বলে প্রতিষ্ঠিত ও কালোত্তীর্ণ তাই ইতিহাস। ১৯৭১ সালের পূর্বে এক হাজার বছর ধরে বাঙালিরা সেন, তুর্কি,  আফগান, মুঘল, ব্রিটিশ ও পাকিস্তানি বিজাতীয় ও ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। একমাত্র ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির স্বাধীনতা অর্জন ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। যাঁর দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্বে আমাদের এ স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু বর্তমান নয়, বাঙালির অনাগতকালের ইতিহাসও একই কথা বলবে।’
 
ক্যাপ্টেন (অবঃ)  মোঃ শওকাতুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অবঃ) কাজী সাজ্জাদ জহির বীর প্রতীক।  সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক, সিদ্দিক হোসেন চৌধুরী ও প্রো-উপাচার্য ড. মশিউর রহমান।
 
অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধ এবং সংগ্রাম থেকে স্বাধীনতার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 
 
ইত্তেফাক/রেজা