দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট কোলোর

ব্রাজিলে পেট্রোবাস দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো কোলোরকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ৯০ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়।
 
জানা গেছে, ব্যাপক দুর্নীতি, অর্থপাচারসহ নানা অনিয়মের জন্যে কোলোরকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত কোলোর ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি সিনেটরের দায়িত্ব পালন করছেন। একজন আইনপ্রণেতা হিসেবে কোলোরের দায়মুক্তির সুযোগ থাকা সত্ত্বেও তার বিচারের অনুমতির ব্যাপারে ফেডারেল সুপ্রিম কোর্টের সর্বসম্মত সিদ্ধান্তের পর তাকে অভিযুক্ত করা হলো।
IMG0
গ্লিসি হোফম্যান ও ভালদির রাউপের পর ব্যাপক দুর্নীতির তদন্তে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার ক্ষেত্রে কোলোর হলেন ব্রাজিলের তৃতীয় সিনেটর। দুর্নীতির অভিযোগের কারণে তিনি প্রেসিডেন্টের পদ থেকেও সরে দাঁড়ান। দেশটির প্রসিকিউটররা বলছেন, কোলোর পেট্রোবাসের অঙ্গ প্রতিষ্ঠান বিআর ডিস্ট্রিবুইডরার লেনদেনের সঙ্গে জড়িত থেকে ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ৯০ লাখ ডলার ঘুষ নেন। তবে কোলোর তার এ মামলার সর্বশেষ অবস্থার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ব্রাজিলে সামরিক শাসন চলার পর দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু