খুলনা অফিস
খুলনায় আর্মড (এপিবিএন) পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার নগরীর শিরোমনি বাদামতলা এলাকার মনিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী নায়েক (পুলিশ সদস্য) মাহমুদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার রাতে স্বামী মাহমুদ আলম তার স্ত্রী আয়শা আক্তারকে (২০) মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। শনিবার ভোরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান। দুপুরের দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন খোঁজখবর নিতে গিয়ে ঘরে আয়শা আক্তারকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। দুপুর দুইটায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। গত ৫ মাস আগে তাদের বিয়ে হয়। শুক্রবার রাতে সেমাই খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাহমুদ আলম তার স্ত্রী আয়শার গলায় কামড় দেয়। এতে সে নিস্তেজ হয়ে পড়ে। নিহত আয়শা গলায় কামড়ের চিহ্ন রয়েছে। ঘাতক পুলিশ কনস্টেবল মাহমুদ আলম ও তার স্ত্রীর বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহত আয়শার গলায় কামড় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।