‘সুন্দরবনকে কঠোর নিরাপত্তার মধ্যে আনার চেষ্টা চলছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুন্দরবনকে কঠোর নিরাপত্তার মধ্যে আনার চেষ্টা চলছে। যারা আত্মসমর্পণ করেছেন তাদের সব রকমের সহায়তা দেয়া হবে। আর যারা এখনো দস্যুতা চালাচ্ছে তাদের কোনো ক্রমেই দস্যুতা চালাতে দেয়া হবে না।
 
বুধবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণকৃত বনদস্যুদের মধ্যে পুনর্বাসনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় র‌্যাব  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় একাধিক জলদস্যু বাহিনী র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং তাদের পুনর্বাসন করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
 
র‌্যাব-৬ এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনসী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিসেস হ্যাপী বড়াল, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রমুখ।
 
১২টি বনদস্যু বাহিনীর ১৩২ জন সদস্যদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একলাখ টাকা ও একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
 
ইত্তেফাক/ইউবি