আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাম্প্রতিক রায়ের অবজারভেশন নিয়ে যে সব কথাবার্তা বলা হয়েছে, এটা পাকিস্তানপন্থি চিন্তা-ভাবনার একটা স্পষ্ট ইঙ্গিত। তবে আমরা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশে বসে যদি কেউ পাকিস্তানের স্বপ্ন দেখে, সেটা তার দুঃস্বপ্ন হিসেবেই থাকবে।
বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ ও শাবিপ্রবির মেডিকেল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা. ইবানা বেগম সোনালীর সঞ্চালনায় সভায় হানিফ আরো বলেন, আমরা সব সময়ই বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ বিচার বিভাগ। সেই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। স্বাধীন বিচার বিভাগের প্রতি সব সময়ই আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। কিন্তু, বিচার বিভাগের স্বাধীনতার নামে তারা যদি এই ধরণের কোন অশুভ চিন্তা-চেতনা কেউ করে, সেটাকে বরদাশত করা হবে না। সেটা বাংলাদেশের জনগণ কখনো বরদাশত করবে না।
আলোচনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিএমএ'র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএমএ সিলেটের সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহমুবুল আলম।
ইত্তেফাক/ইউবি