সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলায় ডায়রিয়ার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত সাত দিনে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ায় গত ৭ দিনে শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এলাকাগুলো হচ্ছে- সোনারায়, বামনডাঙ্গা, তারাপুর, বেলকা, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ছাপড়হাটী, শান্তিরাম, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া ও ধোপাডাঙ্গা। বিশেষ করে চরাঞ্চলের এ রোগের প্রকোপ বেশি বলে লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ৯-১০ জন করে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এছাড়া প্রতিদিন স্থানীয় পল্লি চিকিত্সক ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়রিয়ায় আক্রান্তরা চিকিত্সা নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ইয়াকুব আলী জানান, আবহাওয়া পরিবর্তন হওয়ায় ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগের চিকিত্সা দেওয়ার মতো প্রয়োজনীয় ওষুধ ও জনবল রয়েছে।