ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন তিনি: রাজ্জাককে নিয়ে শাকিব

 
এফডিসিতে নায়করাজের পায়ের ছাপ এখনও মুছে যায়নি। কত শতবার যে এই জায়গাটিতে তিনি হেঁটে বেড়িয়েছেন সে হিসেব দেওয়ার মতো কেউ নেই। শেষবারের মতো নায়করাজ বিএফডিসিতে গত মঙ্গলবার গেলেন, তবে প্রাণহীন শরীরে।
 
মঙ্গলবার এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল এই কিংবদন্তি অভিনেতার দাফন সম্পন্ন হয়েছে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে।
 
নায়করাজের দাফনে অংশ নিতে হাজারো ভক্ত-অনুরাগী জড়ো হন বনানী কবরস্থানে। সকাল সোয়া দশটায় রাজ্জাকের কফিন এসে পৌঁছায় বনানী কবরস্থানে। বৃষ্টির মধ্যেই নায়করাজের দাফন সম্পন্ন হয়। তারকা মিছিলে হাজির হন বর্তমান বাংলা চলচ্চিত্র অঙ্গনের কিংখান খ্যাত অভিনেতা শাকিব খান।
 
নায়করাজকে নিয়ে শাকিব খান বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র শুরু থেকেই তাঁকে অবলম্বন করে পথ চলেছে। আগামী দিনগুলোতেও তার দেখানো পথেই বাংলাদেশের চলচ্চিত্র গৌরবময় ঐতিহ্যকে ফিরে পেতে কাজ করে যাবে। তার মৃত্যুর পর যত নায়ক আসবেন, তারা সবাই তার আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাবেন। আমাদের ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছেন তিনি।’
 
২৩ জানুয়ারি নায়করাজ ৭৫ বছরে পা রেখেছিলেন। গত সোমবার সন্ধ্যা সোয়া ছয়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।
 
ইত্তেফাক/আনিসুর