‌‌‘নাইকোর সঙ্গে বাপেক্স-পেট্রোবাংলার চুক্তি অবৈধ’

 
কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে এক দশকের বেশি সময় আগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বাপেক্সের করা দুটি চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।
 
জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর শামসুল আলমের করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ রায় দেয়। 
 
আদালতের রিট আবেদেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানবীব-উল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নাইকো সংক্রান্ত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আদালতে হয়ে বাপেক্সের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মঈন গনি। 
 
প্রসঙ্গত, ২০০৩ সালে বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ পায় কানাডাভিত্তিক কোম্পানি নাইকো। এ সময় তারা পেট্রোবাংলার সঙ্গে গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তি করে, আর বাপেক্সের সঙ্গে করে একটি যৌথ উদ্যোগের চুক্তি। চুক্তি মোতাবেক ফেনী গ্যাসক্ষেত্র থেকে নাইকো গ্যাস উত্তোলন ও সরবরাহ করে। কিন্তু সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলায় কূপ খনন করতে গিয়ে কোম্পানিটি দুবার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর থেকে বাংলাদেশ নাইকোর কাছে ক্ষতিপূরণ দাবি করে আসছে।
 
ইত্তেফাক/কেকে