ঢাবির সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষের প্রতিবাদ

‘সালোয়ারের ওপর গেঞ্জি’ পরিধান করাকে অশালীন হিসেবে উল্লেখ করে, ‘দিন বা রাত হোক, হলের ভেতর কখনোই এসব পোশাক পরা যাবে না’ বলে জারি করা নোটিশ বিকৃত বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হলের প্রাধ্যক্ষ সাবিতা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র হলের মেয়েদের পোষাক পরিধান সংক্রান্ত একটি বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত নোটিশ অনলাইন ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দেয়া হয়েছে। উক্ত বিকৃত নোটিশ হল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
 
উল্লেখ্য, ২০১২ সালে নতুন এ হলটি নির্মিত হলেও ২০১৩ সাল থেকে সেখানে আবাসিকতা পান ছাত্রীরা। বর্তমানে হলের আবাসিক ছাত্রীসংখ্যা দুই হাজার এবং অনাবাসিক ছাত্রীসংখ্যা ৩ হাজার ৩০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলটি উদ্বোধন করেছিলেন। আর নারীর ক্ষমতায়ন এবং নারীর সমতা প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করা কবি সুফিয়া কামালের নামে হলটির নামকরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/রেজা