শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।’
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধুর জীবন ও দর্শন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ। শিক্ষামন্ত্রী বলেন,‘আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা’। আর এ শ্রেষ্ঠ অধ্যায়ের মহানায়ক হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ইত্তেফাক/এএম।