গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী নৈশকোচ উল্টে ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত যাত্রীদের অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জমান ও গাইবান্ধা ফায়ার সাভিসের উপ-পরিচালক আমিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরকত এন্টারপ্রাইজ বাসটি লালমনিরহাটের বুড়িমারী যাচ্ছিল। রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা গোবিন্দগঞ্জের জুম্মারঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় আহত যাত্রীদের চিত্কারে স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসের নিচে চাপাপড়া হতাহতদের উদ্ধার করে। নিহতরা হলেন- রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন (২০), লালমনির হাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম (২২), টাঙ্গাইলের সুনীল কুমার (৫০), বাসের হেলপার লালমনির হাটের হাতীবান্ধা থানার দোয়ানী গ্রামের বিদ্যুত্ (৩২) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বোল্লা গ্রামের ভোলানাথ সাহার পুত্র বিকাশ সাহা (৪৫)।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, দুর্ঘটনায় হতাহতদের চিকিত্সার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রত্যেক নিহতের পরিবারকে প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
নাটোরে ট্রাকের আরোহী নিহত
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে ট্রাকের চাপায় রাহাবুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আশিক হোসেন (২২) নামে অপর একজন। শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান (সড়ক ও জনপথ অফিসের মূল ফটকের সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাঘড়িয়া গ্রামের মৃত আক্কাস আলী প্রামানিকের ছেলে এবং আহত আশিক একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
ওই দুইজন ট্রাকে করে বগুড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় এলে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পেছন দিক থেকে সামনের ট্রাকটিকে ধাক্কা দেন। এতে দুই ট্রাকের মাঝে পড়ে রাহাবুল নিহত এবং আশিক আহত হন। ট্রাকের চালক অল্পের জন্য রক্ষা পান। রাহাবুল ও আশিক চালকের পাশে বসে ছিলেন।
কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় ফররুখ আহাম্মেদ ইমন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের রহিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকাল ৪টার দিকে ইমন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে স্থানীয় রহিমগঞ্জ বাজারে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চট্টগ্রামে ছাত্রী আহতের জেরে সড়ক অবরোধ
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় এক ছাত্রী আহতের ঘটনার জের ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ বাজার এলাকায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত নাজমা আক্তার (১৪) এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অবরোধের কারণে সড়কের দুইপাশে প্রায় ১ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম ও কক্সবাজারগামী শত শত যাত্রী দুর্ভোগের শিকার হয়। পরে কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহামুদ ও শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে সড়কে স্পিড ব্রেকার, জেব্রাক্রসিং, ফুটওভারব্রিজ নির্মাণের দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর ১টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।