বরগুনার তালতলীর একটি প্রাইমারি স্কুলে ক্লাসরুমের বিম ভেঙে মানসুরা নামের ৩য় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১০ জন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মানসুরা উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তৃতীয় শ্রেণিতে ক্লাস চলাকালীন আকস্মিকভাবে ওই কক্ষের মূল বিমের নিচের অংশ শিক্ষার্থীদের মাথার উপরে ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মানসুরার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় রুমা, সাদিয়া ও ইসমাইলকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকেরীন জাহান জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন চুন্নু জানান, তিন কক্ষ বিশিষ্ট একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মান করা হয়। এর এক বছরের মধ্যেই বিমে ফাটল ধরে। আমতলী থানার ওসি আবুল বাশার জানান, শিশুটির মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।