সরকারি ত্রাণ আওয়ামী লীগ সমর্থকদেরই দিচ্ছে: দুলু

 
সরকারি ত্রাণ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে। তারা বন্যা দুর্গতদের নয়, দলীয় কর্মী-সমর্থক দেখে বরাদ্দের ত্রাণ সামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চলমান বন্যায় দলের ত্রাণ বিতরণ কমিটির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী রহুল কুদ্দুস তালুকদার দুলু।
 
তিনি বলেন, 'বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে দলাদলি না করে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই সহায়তা করা উচিৎ। বর্তমান সরকার নির্বাচিত জনগণের সরকার নয় বলে বন্যার্তদের জন্য দায়বদ্ধতা নেই। এজন্যই প্রয়োজনের তুলনায় বরাদ্দ দেয়নি ত্রাণ সামগ্রী। এলাকার তাদের দলীয় এমপিরাও বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি।'
 
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে এলাকার ৮শ' বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
 
'বিএনপি অতীতেও দুর্যোগে মানুষের পাশে ছিল এখনো আছে' এমনটি দাবী করে দুলু বলেন, 'সেই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছি। তবে জবর দখল করা জুলুমবাজ এই সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলেই মানুষ পাবে সমঅধিকার।'
 
ইত্তেফাক/জামান