গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত-এর নির্মাণশৈলীতে যেমন ব্যতিক্রমের ছোঁয়া থাকে তেমনি বছরব্যাপী তার অনুষ্ঠান নির্মাণ ও প্রচারেও থাকে ভিন্নতা। মিডিয়াতে কেউ কেউ যখন আত্মপ্রদর্শন বা আত্মপ্রচারের পথ বেছে নিয়েছেন তখন হানিফ সংকেতকে দেখা যায় আত্মনিয়ন্ত্রণের পথে। অর্থাৎ সংখ্যা নয়, মান বিচারে এগিয়ে থাকাই তার এবং তার প্রতিষ্ঠানের লক্ষ্য। যে কারণে মিডিয়ায় দীর্ঘ পথচলায় হানিফ সংকেত সবসময় সেরার আসনটি দখল করে রেখেছেন।
গত দেড়যুগ ধরে বরেণ্য এই নির্মাতা বছরে দুই ঈদে দুটি নাটক নির্মাণ করে আসছেন এবং সেটি শুধুমাত্র একটি চ্যানেলের জন্য। সেই ধারাবাহিকতায় এবারও তিনি শুধুমাত্র এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুল কারো না, ভুল ধারণা’। উল্লেখ্য, হানিফ সংকেতের ঈদের নাটকের নাম যেমন ব্যতিক্রমী, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ, বৈচিত্র্য ও একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। এই নাটকটিতে দেখা যাবে, ঈদের ছুটিতে বিদেশ থেকে দেশে এসে এক প্রবাসী যুবক তার বন্ধুর বাড়িতে উঠেছে।
সেখানে গিয়ে তার দেখা হয় বন্ধুর শ্যালিকার সঙ্গে। বন্ধু, বন্ধুর স্ত্রী ও শ্যালিকার সঙ্গে বিদেশ ফেরত যুবকের নানা বিষয় নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। আর এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘ভুল কারো না, ভুল ধারণা’ নাটকের গল্প। নাটকটিতে বিদেশ ফেরত বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, বন্যা মির্জা, সুভাশিষ ভৌমিক, শেলী আহসান, নজরুল ইসলামসহ অনেকে। ঢাকা ও সিঙ্গাইরে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিংস্পটে নাটকটি ধারণ করা হয়েছে।
নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন কমল। আবহসঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।
ইত্তেফাক/আনিসুর