বিকেলে চোখের অপারেশন, দোয়া চাইলেন এটিএম শামসুজ্জামান

 
বরেণ্য চলচ্চিত্রাভিনেতা এটিএম শামসুজ্জামান তার নিজের জন্য চলচ্চিত্র পরিবারের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন। আজ বিকেলে রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে তার ডান চোখে অপারেশন হবে। যেন সবকিছু ঠিকঠাক মতো হয় এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
 
ছোটবেলা থেকেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ ছিল। সেটি নানা সময়ে তার চোখে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। গত ১০ বছর আগে মাদ্রাজে চিকিত্সা করতে গেলে সেখানে দীর্ঘ ৫ ঘণ্টা অপারেশনের জন্য বসে থাকার পর আর ধৈর্য্য ধরতে না পেরে রেগে সেখান থেকে চলে আসেন। পরে চোখে সমস্যা নিয়েই তিনি আরও দীর্ঘসময় পার করে দিলেন। কিন্তু এখন সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, অপারেশন করতেই হবে।  
 
এটিএম শামসুজ্জামান বলেন, ‘ইদানিং চোখে একটু বেশিই যন্ত্রণা হচ্ছে। যে কারণে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে চোখে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অপারেশন শেষে আবার একই চোখে সব ভালোভাবে দেখতে পারি।’ 
 
এদিকে গেত ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের আকস্মিত মৃত্যুতে এটিএম শামসুজ্জামান গভীর দুঃখ প্রকাশ করেছেন। 
 
এটিএম বলেন, ‘নায়করাজ রাজ্জাক খুব উদার মনের একজন মানুষ ছিলেন। তার সাথে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাকে ভীষণ ভালোবাসতেন। তিনি এমনই একজন নায়ক ছিলেন যিনি কখনও অতীত স্বীকার করতে দ্বিধাবোধ করতেন না।  তার চলে যাওয়ায় এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে চলচ্চিত্রাঙ্গনে। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন।’
 
ইত্তেফাক/আনিসুর