টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল হতে অস্ত্র, ইয়াবা ও বুলেট উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন এলাকায় পুলিশ আটককৃতদের নিয়ে হাবিবের পাহাড়ে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় রোহিঙ্গা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলিতে এস আই স্বপন ও কনস্টেবল মেহেদী হাসান আহত হয়। তখন পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। শুরু হয়ে যায় রোহিঙ্গা দুর্বৃত্ত ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’।
উভয়পক্ষের গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের আমির হোসেনের ছেলে নুরুল আলম (২৩), এইচ ব্লকের ইউনুছের ছেলে মো. জুবাইর (২০) এবং একই ব্লকের ইমাম হোসেনের ছেলে হামিদ উল্লাহকে (২০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
তাদের চিকিত্সার জন্য প্রথমে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার নেওয়ার পথে তারা মারা যায়। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে চারটি দেশীয় অস্ত্র ও সাত রাউন্ড কার্তুজও মেলে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গুলিবিদ্ধদের উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার নেওয়ার পথে তারা মারা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।