'ঈদে মহাসড়ক সচল রাখাটাই আমাদের চ্যালেঞ্জ'

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় সড়ক-মহাসড়ক সচল রাখাটাই আমাদের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ যে কোন মূল্যে আমাদেরকে সফলভাবে অতিক্রম করতে হবে। আমি সবসময় রাস্তায় আছি, আপনাদেরকেও (সংশ্লিষ্ট কর্মকর্তা) ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে।
 
তিনি বলেন, 'প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে সড়কে দুরবস্থা সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল। জনগণের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। সড়ক নিয়ে আমি কারো কোন অজুহাত শুনতে চাই না। জনগণের দুর্ভোগ কমাতে যা যা করা প্রয়োজন সবই করতে হবে।'
 
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন হাইওয়ে ইন হোটেলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় তিনি চট্টগ্রাম বিভাগের সকল সড়ক-মহাসড়কের খোঁজ নেন।
 
প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এবার ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জিং। রাস্তায় পানি জমতে দেয়া যাবে না। বৃষ্টির মধ্যেই আমাদের কাজ করতে হবে। বৃষ্টির সময় হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। সংশ্লিষ্ট সকলকে ২৪ ঘণ্টা কাজ করতে হবে। ইঞ্জিনিয়াররা দিন-রাত পরিশ্রম করছেন। তাদের কাউকে ফাঁকিবাজ বলতে চাই না। প্রধানমন্ত্রীর কাছে আমার মুখ ছোট করবেন না। যে কোন মূল্যেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং রাস্তা সচল রাখতে হবে।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, নোয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোয়েব আহাম্মদ, নির্বাহী প্রকৌশলীদের মধ্যে কুমিল্লার সাইফ উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জুলফিকার আহমেদ, কক্সবাজারের আরপি বড়ুয়া, দোহাজারীর তোফায়েল মিয়া, চাঁদপুরের সুব্রত দত্ত, ব্রাহ্মণবাড়িয়ার মো. রাশেদ, নোয়াখালীর জাহেদ, ফেনীর মাসুদ, লক্ষ্মীপুরের জহিরুল ইসলাম, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মেহেদী হাসানসহ সওজ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
 
ইত্তেফাক/জামান