ইত্তেফাক ডেস্ক
ব্রেক্সিট চুক্তির জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। ধারণা করা হচ্ছে, ইইউ থেকে বের হতে ব্রিটেনের বেশ কিছু সময় লাগতে পারে। কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে মোটেও দেরি করেনি ব্রিটেন। বের হওয়ার আগেই ইইউ’র নাম পাসপোর্ট থেকে বাদ দিয়েছে দেশটি। খবর বিবিসি ও ইউরো নিউজের
সুসান হিন্দেল ব্যারোন নামের এক ব্যক্তি নতুন পাসপোর্ট পেয়েছেন। দেখা গেছে, পাসপোর্টের কভারে ইইউ’র নাম নেই। আগে পাসপোর্টে লেখা ছিল-‘ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’। বর্তমান পাসপোর্টে লেখা আছে- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’। সুসান ব্রিটেনের প্রেস এসোসিয়েশনকে বলেন, নতুন পাসপোর্ট পেয়ে আমি খুবই বিস্মিত হয়েছি। আমরা এখনো ইইউ ত্যাগ করিনি, অথচ পাসপোর্ট থেকে ইইউ’র নামটি বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইইউ ত্যাগে আমরা ক্ষতি ছাড়া লাভের মুখ তো দেখতে পাবো না। পিটার ব্রাডি এবং জ্যান বোথ দুইজন স্বামী-স্ত্রী। গত ২১ মার্চ তারা পাসপোর্ট নবায়নের আবেদন করেন। পহেলা এপ্রিল পিটারের পাসপোর্ট ছাপা হয়। এতে বাইরে এবং ভেতরে কোথাও ইইউ’র নাম লেখা নেই। তবে জ্যান বোথের পাসপোর্টটি পুরানো। স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, পুরানো পাসপোর্টের মজুদ শেষ না হওয়া পর্যন্ত বিতরণ চলবে।