ভেড়ামারা কলেজ জাতীয়করণ বিষয়ে হাইকোর্টের রুল

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ভেড়ামারা কলেজ কেন জাতীয়করণ করা হবে না এই মর্মে শিক্ষাসচিবসহ পাঁচজনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুলের শুনানি না হওয়া পর্যন্ত একই উপজেলার ভেড়ামারা মহিলা কলেজ জাতীয়করণের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। এই মর্মে আজ রবিবার একটি চিঠি ভেড়ামারা কলেজে এসেছে।
 
ভেড়ামারা কলেজের পক্ষে দায়ের করা একটি রিটের শুনানি শেষে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২১শে আগস্ট এ আদেশ দেন।
 
রিটকারীর আইনজীবীরা আদালতে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০১৬ এর শর্ত পূরণ না করা ভেড়ামারা মহিলা কলেজ জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে। অথচ ১৯৬৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভেড়ামার কলেজ জাতীয়করণের সকল নীতিমালার শর্ত পূরণ করেছে এবং অধিকাংশ শিক্ষকই এমপিওভুক্ত রয়েছেন। ভেড়ামারা কলেজে বর্তমানে প্রায় ৪ হাজার ৫০০ জন ছাত্রছাত্রী রয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার ছাত্রী রয়েছে। অপরপক্ষে ভেড়ামারা মহিলা কলেজে মাত্র ৭৫০ জন ছাত্রী রয়েছে। ভেড়ামারা মহিলা কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত। ভেড়ামারা মহিলা কলেজের জমিসহ নানা সমস্যা রয়েছে।
 
রিটকারীর পক্ষে লড়েছেন অ্যাডভোকেট এএফ হাসান আরিফ ও টিএম শাকিল হাসান।
 
ইত্তেফাক/এমআই