খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন পায়নি সরকার :স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর প্রতিনিধি

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘প্যারোলে যদি কাউকে মুক্তি দিতে হয় তাহলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করতে হয়। কিন্তু (খালেদা জিয়া) প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন পায়নি সরকার। যদি আবেদন পায় তাহলে বিষয়টি বিবেচনা করবে সরকার’।

তিনি শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়িচর এলাকায় নবনির্মিত বাহাদুরাবাদ ঘাট নৌ থানা ভবন উদ্বোধনী নামফলক উন্মোচন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সাতক্ষীরা পুলিশের অনিয়মের বিষয়ে সারা দেশের ১৩ হাজার পুলিশ দুর্নীতিগ্রস্ত উচ্চ আদালতের এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশের কেউই আইনের ঊর্ধ্বে নয়, দেশের জনগণ এবিষয়ে বারবার প্রমাণ পেয়েছে। দেশের সব পুলিশ তো আর অনিয়মের সঙ্গে জড়িত থাকেন না। যারা জড়িত হয়ে পুলিশবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছেন, তারাও আইনের ঊর্ধ্বে নয়। তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করা হবে।

 নৌ থানা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার  জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণের জন্য প্রয়োজনীয় যা যা কিছু করা দরকার একে একে আমরা তার সবকিছুই করে যাচ্ছি। তার অংশ হিসেবে এই এলাকার বাহাদুরাবাদ ঘাট যমুনার নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই নৌ থানা ভবন করে দেওয়া হলো। ’

এসময় জামালপুর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. মুখলেসুর রহমান, নৌ পুলিশ বিভাগের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, ময়মনসিংহ অঞ্চলের ডিআইজি নিবাশ চন্দ্র মাঝি, জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ওইদিন বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে। জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএমবিপিএম(বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।