রংপুরের গঙ্গাচড়ায় ৩০ মেগাওয়াট গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ নির্মাণ করবে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো গ্রুপ।
বিদ্যুৎ কেন্দ্রটি আগামী ১৩ মাসের মধ্যে উৎপাদনে আসবে। এই কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে এই প্রকল্প সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর করে ইন্ট্রাকো। এই প্রকল্পে অর্থায়ন করছে রাষ্ট্রীয় সংস্থা ইডকল।
বিদ্যুৎ ক্রয় চুক্তিতে (পিপিএ) পিডিবির কোম্পানি সচিব মিনা মাসুদ উজ্জামান এবং প্রকল্প বাস্তবায়ন চুক্তিতে (আইএ) বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) ফয়েজুল আমীন সই করেন। উভয় চুক্তিতে ইন্ট্রাকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ প্রমুখ।
চুক্তি অনুসারে পিডিবি এই কেন্দ্র থেকে ২০ বছর ধরে বিদ্যুৎ কিনবে। উদ্যোক্তারা জানান, এ প্রকল্পের জন্য গঙ্গাচড়ায় ১৪৩ একর জমি কেনা হয়েছে। জমি উন্নয়ন, প্রযুক্তি ও পরিবেশ সংক্রান্ত পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনের আসবে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বরে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সরকার অনেক উদ্যোক্তাদের সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিলেও কেউ সময় সময় মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না। আশা করা যায়- ইন্ট্রাকো ভালো করবে, কারণ তাদের প্রকল্পে সরকারি প্রতিষ্ঠান ইডকল অর্থায়ন করছে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে। সরকার তুলনামূলক বেশি দাম দিয়েও গ্রিন ও ক্লিন এনার্জির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির চেষ্টা করছে।
ইত্তেফাক/ইউবি