বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ বন্যাদুর্গতদের পাশে নেই। কিন্তু বিএনপি বিরোধী দলে থাকলেও তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের পাশে রয়েছি। তিনি বলেন, 'তারেক রহমানের জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে এসে আবারো দেশের জন্য কাজ করতে পারেন।'
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বাজারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এক হাজার বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথি হিসেবে ত্রাণগুলো বিতরণ করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বগুড়া জেলা কো অর্ডিনেটর অধ্যাপক ডাক্তার শাহ মো. শাহাজাহান আলীর পরিচালনায় ত্রাণ বিতরণে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা ও বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা: শাহাদৎ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাড: একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতা প্রকৌশলী আফজাল হোসেন, কাদের গণি চৌধুরী।
ইত্তেফাক/জামান