দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

 
বন্যাকবলিত এলাকায় কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
সোমবার শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভাঙনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ কথা বলেন।
 
ত্রাণমন্ত্রী বলেন, বন্যাপ্লাবিত মানুষের কষ্ট লাঘবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। চাহিদা থাকলে আরও পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে খাদ্যের জন্য কেউ কষ্ট পাবেনা।
 
তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকদের বিনামূল্যে সার কীটনাশক ও বীজ দেয়া হবে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা বন্যার পর পূণঃ নির্মাণ করা হবে। যতক্ষণ বন্যার পানি নেমে না যায় এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি না হয়, ততক্ষণ ত্রাণ সাহায্য অব্যাহত থাকবে।
 

ইত্তেফাক/এএম।