দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ দাও প্রাণ... সমবেত কন্ঠে এই কালজয়ী গান পরিবেশনের মধ্য জয়পুরহাটে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাত ৮টায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, জয়পুরহাট শাখা জাতীয় কবির জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।
জয়পুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত সংগীতানুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী ফেরদৌস আরা লিপি’র নেতৃত্বে সমবেত কন্ঠে পরিবেশন করা হয় ’দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ দাও প্রান.., গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই.., কেন কাঁদে পরান.., খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে.., ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি.., মোরা একই বৃন্তে দু’টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন -মণি, হিন্দু তাহার প্রাণ..।
অনুষ্ঠানে আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখ কাজী নজরুলের লেখা ‘ক্ষুদিরামের মা’ কবিতাটি আবৃত্তি করে দর্শকদের মনে আবেগ তৈরি করেন। অঞ্জলি লহ মোর সঙ্গীতে ও হে পার্থ সারথি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সিথি ঘোষ। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা লিপি, উৎপলা চৌধুরী, বনশ্রী চাকী, খাদিজা, ইশতিয়া শাহনামা, পরিমল মন্ডল, দিগন্ত দে, ফারুক হোসেন ও সাদাত। তবলায় সহযোগিতা করেন নিরঞ্জন মন্ডল।
এর আগে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তোফাজ্জল হোসেন, এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: শহিদুল ইসলাম, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক-লেখক আমিনুল হক বাবুল প্রমূখ।
ইত্তেফাক/নূহু