ড্রাইভিং লাইসেন্স নেই সেই বাস চালকের

ডেমরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ডেমরায় গত শুক্রবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার হওয়া বাসের চালক মো. শামীমের (২৯) কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গতকাল শনিবার ডেমরা থানা পুলিশ চালক শামীম ও তার হেলপার মুন্না মিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। রিমান্ডে তদন্ত কর্মকর্তা তার কাছে ড্রাইভিং লাইসেন্স চাইলে সে তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি।

ডেমরা থানা সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে গত শুক্রবার রাতে থানায় একটি মামলা হয়েছে। নিহত ইবনে তাহসিম ইরামের চাচা শফিউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চালক শামীম ও মুন্নাকে মামলার আসামি করা হয়েছে।

এদিকে গতকাল শনিবার ওই মামলায় চালক শামীম ও হেলপার মুন্নাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। রিমান্ডে শুনানি শেষে আদালত শামীমকে তিন দিন এবং মুন্নাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার এসআই আশরাফ আলী জানান, চালক তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। চালক দাবি করেছেন তার ড্রাইভিং লাইসেন্স আছে। ট্রাফিক আইনে মামলা হওয়ায় সেটি বর্তমানে ট্রাফিক বিভাগের জিম্মায় রয়েছে। এসআই আশরাফ আলী আরো জানান, ট্রাফিক আইনে মামলা হলে মামলার স্লিপ থাকার কথা তার কাছে। চালক শামিম সেই মামলার স্লিপও দেখাতে পারেননি।