ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ তানিন সুবাহ। 'অবাস্তব ভালোবাসা' চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সায়মন তারিকের 'মাটির পরি'। এর পর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
এখন পর্যন্ত তানিন সুবাহ অভিনীত ৪টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আর ৪টি। এছাড়া বর্তমানে শুটিং চলছে আরও নয়টি চলচ্চিত্রের।
এদিকে সম্প্রতি রাজধানীর মগবাজারে 'সাত রং স্টুডিও'তে হয়ে গেলো 'যে আগুনে পুড়ে প্রেম' চলচ্চিত্রের শুভ মহরত। আর এই চলচ্চিত্রের মাধ্যমে এই প্রথম জুটি বাধলেন জনপ্রিয় নায়ক জায়েদ খানের সঙ্গে।
ত্রিভুজ প্রেমের গল্পের এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন শেখ আলাউদ্দিন। পরিচালক শেখ আলাউদ্দিন জানান, 'যে আগুনে পুড়ে প্রেম' একটি মৌলিক গল্পের চলচ্চিত্র। এতে জায়েদ-তানিন ছাড়াও আরও একজন নায়িকা থাকবে। তবে এখনও তার নামটি চূড়ান্ত হয়নি।
IMG0
বর্তমানে চলচ্চিত্রের গানের রেকর্ডিং চলছে। গীতিকার হৃদয়ের কথায় 'যে আগুনে পুড়ে প্রেম' শিরোনামের গানটির সঙ্গীতায়োজন করেছেন মিল্টন খন্দকার। আর কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
ঈদের পর ঢাকাসহ দেশের বিভিন্ন মনোরম লোকশেন শুরু হবে দৃশ্য ধারণের কাজ শুরু হবে। আরও অভিনয় করবেন- সাদেক বাচ্চু, রেহেনা জলি ও রেবেকা প্রমুখ।
তানিন সুবাহ বলেন, যে আগুনে পুড়ে প্রেম' চলচ্চিত্রটির গল্প অনেক সুন্দর তাই গল্প শুনেই আমি রাজি হয়ে যাই। তাছাড়া এই প্রথম আমি জায়েদ খানের সঙ্গে জুটি বেধে অভিনয় করছি। আর এই পরিচালকের সঙ্গেও এটা আমার প্রথম চলচ্চিত্র। আশা করি অনেক ভাল একটি কাজ করতে যাচ্ছি।
ইত্তেফাক/আনিসুর