ইমরান খানের বাড়ির কাছে বিমান বিধ্বংসী গোলা

 

ইত্তেফাক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির কাছে বিমান বিধ্বংসী গোলা পাওয়া গেছে। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বানিগালা বাসভবন থেকে অর্ধ কিলোমিটার দূরে এই গোলা পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, পররাষ্ট্র মিশনের একজন সিনিয়র কর্মকর্তা গোলা দেখতে পেয়ে খবর দেন। টহল পুলিশ এসে ওই এলাকা ঘিরে ফেলে। এরপর পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট, অপরাধ তদন্ত সংস্থা এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট আসে। সেখান থেকে ১৮ টি গোলা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশের এক কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত গোলার প্রত্যেকটির দৈর্ঘ্য ৩০ মিলিমিটার এবং রং চটে গেছে। এসব পুরানো বলে মনে হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন এলাকায় প্রতিনিয়ত তল্লাশি ও কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। সমপ্রতি ওই এলাকায় তল্লাশি চালানো হয় এবং নিরাপদ ঘোষণা করা হয়। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণের পর ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন আগে হয়তো কেউ সেখানে এসব অস্ত্র রেখে গেছে। সেখানে ময়লার ভাগাড়ে অস্ত্রগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেছে। -ডন