শেরপুরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে অাজ বুধবার আল মামুন (০৭) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ডাকাবর গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
 
জানা গেছে, আল মামুন মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়। পরে সে বাড়ি ফেরেনি।পরিবারের লোকজন সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। বুধবার সকালে স্থানীয় মহিলা আদর্শ ডিগ্রি কলেজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শেরপুরের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটির পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আল মামুনকে হত্যা করা হয়েছে।
 
এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/রাজেশ