শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বরেণ্য শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
আজ বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যুতে দেশ একজন কিংবদন্তি গায়ককে হারালো, যিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন।
 
রাষ্ট্রপতি বলেন, আব্দুল জব্বারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
 
আবদুল হামিদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
শিল্পী আব্দুর জব্বার বঙ্গবন্ধু পদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পদকসহ (১৯৯৬) বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক ও সম্মাননা লাভ করেন। 
 
তিনি আজ সকালে ৭৯ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান।
 
ইত্তেফাক/কেকে