রায়পুরায় স্কুল জাতীয়করণের দাবীতে অবরোধ, ট্রেন ভাঙচুর

 
নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্ধন এবং সড়ক-রেলপথ অবরোধ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এর একপর্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভাঙচুর করে। এতে ট্রেনের চালক আহত হন।
 
বুধবার বেলা এগারটায় উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিলে বেলা বারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।
 
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রায়পুরা উপজেলা সদরে অবস্থিত সেরাজনগর এম এ পাইলট উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবী জানিয়ে আসছে স্থানীয়রা। কিন্তু সম্প্রতি উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয়টি জাতীয়করণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন সংবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
এরই প্রেক্ষিতে বিদ্যালয়টি জাতীয়করণের দাবীতে বুধবার সকালে রায়পুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নরসিংদী-রায়পুরা আ লিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ওই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভাঙচুর করে। এতে ট্রেনের চালক হেমায়েত হোসেন আহত হন।
 
এ সময় পার্শ্ববর্তী খানাবাড়ি রেল স্টেশনে তিতাস কমিউটার এবং শ্রীনিধি রেল স্টেশনে সিলেট মেইল ট্রেন আটকে পড়ে। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়ে।
খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিলে বেলা বারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/জামান