ভিজিডি'র ৯ মে.টন চাল উদ্ধার, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 
বগুড়ার কাহালু উপজেলার কর্ণিপাড়া গ্রামের একটি গুদাম থেকে ভিজিডি কার্ডের ৯ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। কাহালু উপজেলা প্রশাসন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করে।
 
এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লুন নাজমা রাতে কাহালু থানায় চাল আত্মসাতের মামলা দায়ের করলে পুলিশ কালাই ইউপি চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নানকে গ্রেফতার করে। বুধবার ইউপি চেয়ারম্যান হান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
 
ডিবি ও কাহালু থানা পুলিশ জানায়, বগুড়ার দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে জানতে পারেন কাহালু উপজেলার কালাই ইউনিয়নে দুই মাসের ভিজিডি কার্ডের চাল উত্তোলন করা হলেও পুরো চাল দুস্থদের মাঝে বিতরণ করা হয়নি। বিষয়টি জানার পর কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতের উপস্থিতিতে দুদক, গোয়েন্দা পুলিশ ও কাহালু থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। সেই সাথে কালাই ইউপি চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নানকে থানায় আনেন।
 
ইউপি চেয়ারম্যান আবু তাহের সরদার জানান, আমি এই বিষয়ে কিছুই জানি না। চাল বিতরণের জন্য ইউপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছিলো। যে গুদামে ভিজিডির চাল পাওয়া গেছে সেই গুদাম আমাদের হলেও তা ভাড়া দেওয়া হয়েছে। ওই গুদামে ভিজিডি কার্ডের চাল কে রেখেছে তাও তিনি জানেন-না  বলে জানান।
 
কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লুন নাজমা জানান, ভিজিডি কার্ডের চালগুলো ২৩ আগস্টের মধ্যে দুস্থদের মাঝে বিতরণ করার কথা ছিলো। এই ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, চাল বিতরণের বিষয়টি আমাকে জানানো হয়নি। বগুড়ার উপ-পরিচালক আনোয়ারুল হক ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, ভিজিডি কার্ডের চালগুলো চেয়ারম্যানের গুদাম থেকে পাওয়া গেছে।
 
ইত্তেফাক/জামান