বন্যা ও অতিবৃষ্টির কারণে মহাসড়কে তৈরি হয়েছিল খানাখন্দ। ঘরে ফেরা মানুষের মধ্যে শঙ্কা ছিল রাস্তায় চরম দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু সে শঙ্কা কাটতে শুরু করেছে। গতকাল দেশের কোনো মহাসড়কে যানজটের খবর পাওয়া যায়নি। তবে ফেরি পারাপার ও সেতুতে টোল সংক্রান্ত জটিলতায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় যাত্রীবাহী বাস পৌঁছেছে ৩ থেকে ৪ ঘণ্টা দেরিতে।
অন্যদিকে ঈদযাত্রার চতুর্থদিনে গতকাল কমলাপুরে ঘরমুখো যাত্রীদের ছিল উপচেপড়া ভিড়। গতকালও কিছু ট্রেনের সময় বিপর্যয় হয়েছে। অপরদিকে তীব্র স্রোত ও বাতাসের কারণে ফেরি স্বাভাবিক গতিতে চলতে না পারায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়াঘাটে যানবাহনের চাপ ছিল বেশি।
এ দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে দেশের সব সড়ক-মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী। সড়কের কোথাও যানজট হবে না। ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টি বাস রিজার্ভ রয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলে এই বাসগুলো নামানো হবে। গতকাল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে নির্বিঘ্ন ভ্রমণের জন্য পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। গতকাল সাভারের নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানিয়েছেন, গতকাল শিল্প এলাকার কারখানাগুলোতে ছুটি ঘোষণা করায় সাভারের তিন মহাসড়কে গাড়ির চাপটা বেশি ছিল।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের এমডি ফারুক তালুকদার সোহেল বলেন, সড়কের বর্তমান অবস্থা ভালো রয়েছে। তবে ঢাকা-চট্টগ্রামে সেতু ও দক্ষিণাঞ্চলে ফেরি পারাপারের কারণে প্রতিটি গাড়ি গন্তব্যে পৌঁছাতে তিন থেকে চার ঘণ্টা বেশি লাগছে।
কমলাপুরে উপচেপড়া ভিড়
কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়, ঈদ এগিয়ে আসার কারণে এই ভিড় বাড়ছে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির কমলাপুর স্টেশন ছাড়ার কথা সকাল ৬টা ২০ মিনিটে। কিন্তু ট্রেনটি দুই ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। এছাড়া উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ট্রেনও নির্ধারিত সময়ের অনেক পরে স্টেশন ছেড়ে যায়। তবে অন্য ট্রেনগুলো সিডিউল অনুয়ায়ী কমলাপুর থেকে ছেড়ে গেছে।
শিমুলিয়া ঘাটে ৩ শতাধিক যানের দীর্ঘ সারি
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, তীব্র স্রোত ও বাতাসের কারণে শিমুলিয়াঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। তিন শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুর রহমান জানান, যানজট নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।
ইত্তেফাক/আনিসুর