অপারেশন টেবিলে রোগীকে রেখেই দুই ভারতীয় ডাক্তারের তর্কাতর্কির ভিডিও ফাঁস হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, অপারেশন কক্ষের টেবিলে শুয়ে আছেন অন্তঃসত্ত্বা নারী। অস্ত্রোপচার করা হবে একটু পরে। কিন্তু তাকে সেই অবস্থায় রেখে দুই ডাক্তার ভীষণ তর্ক চালিয়ে যাচ্ছেন। এই কাণ্ড ফাঁস হয়ে যাওয়ার পর ওই ডাক্তারদের সাময়িকভাবে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।
IMG0
রাজস্থানের উমেইদ হাসপাতালে ঘটনাটি ঘটেছিল। এটির ভিডিও ইন্টারনেটে ফাঁস হওয়ার পর ব্যাপকভাবে শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করে দুই ডাক্তারের এই আচরণ। তবে উমেইদ হাসপাতালের একজন ডাক্তার জানিয়েছেন, যে অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্ম দেয়ার সময় এই ঘটনা ঘটে, তিনি এবং তার নবজাতক শিশু, দুজনই সুস্থ আছেন।
ভিডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। তবে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে হাসপাতালেরই কেউ এটি প্রকাশ করে দেয়। শুরুতে কোন কোন গণমাধ্যমে রিপোর্ট করা হচ্ছিল যে ছবিতে যে অন্তঃসত্ত্বা মহিলাকে দেখা যাচ্ছে, তার জন্ম দেয়া শিশুটি শেষ পর্যন্ত বাঁচেনি। কিন্তু যোধপুরের উমেইদ হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডাক্তার রঞ্জনা দেশাই জানিয়েছেন, এটি সত্য নয়। তিনি বলেন, ‘হাসপাতালে একটি শিশু মারা গিয়েছিল এটা সত্য। তবে সেই শিশুটির জন্ম হয়েছিল ঐ একই অপারেশন থিয়েটারে আরেকটি টেবিলে। সেখানে আরেকজন মহিলা একটি মৃত সন্তান প্রসব করেন। এই দুটি ঘটনার মধ্যে কোন সম্পর্ক নেই।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু