সিরাজগঞ্জে 'ডাকাতির প্রস্তুতি' কালে পুলিশের গুলিতে শরিফুল ইসলাম শরিফ নামে এক 'ডাকাত' নিহত হয়েছেন। রবিবার ভোরে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। শরিফুল ময়মনসিংহ জেলার হাসমত আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া গ্রামে মামা মনিরুজ্জামানের বাড়িতে থাকতেন।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সদর উপজেলার সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে তাঁত ব্যবসায়ীদের মালামাল ডাকাতি করার সময় পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর ও মিঠুন নামে দুই পুলিশ সদস্য আহত হন। অভিযানের এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে একটি সুটার গান, ২রাউন্ড গুলি ও ধারালো রাম দা উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ শরিফকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশনে বিএনপি
তিনি আরো জানান, পুলিশের গুলিতে নিহত শরিফ ও তার মামা মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চক্র সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে প্রায়ই তাঁত ব্যবসায়িদের মালামাল ও নগদ অর্থ ডাকাতি করতো। এসব অপরাধের বিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় একাধিক অভিযোগও রয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনার পর থেকে মামা মনিরুজ্জামান পলাতক আছে।
ইত্তেফাক/এমআরএম