নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুমিল্লা হাউজ-২ নামে একটি বাড়িতে বৃহস্পতিবার রাত তিনটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পৌছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট শুক্রবার সকাল সোয়া আটটায় ঘটনাস্থলে পৌঁছেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের পরিদর্শক শেখ সফিউদ্দিনের নেতৃত্বে পাঁচ জন সদস্য কাজ শুরু করেছেন।
দগ্ধরা হলেন, ওই বাড়ির মালিক কুয়েত প্রবাসী আবুল খায়েরের ছেলে ইব্রাহিম (২২) ও শ্যালক আয়নাল (২৬)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার বরাব কবরস্থান রোডের ৪৪৭ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নেভায়।
সংশ্লিষ্ট থানা পুলিশের বক্তব্য, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কিসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তে জানা গেলে, আমরা তা ব্রিফ করবো।