নীলফামারীতে ডুবে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলসাগর পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থী কিশোর সুমন চন্দ্র রায়ের (১৫) মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে দিঘির পশ্চিমপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমন চন্দ্র রায় নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মুশরত গোড়গ্রাম এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে। সে ২০১৯ সালের এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন: আরও তিনদিন বৃষ্টির সম্ভাবনা

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার সকালে চার বন্ধু মিলে বিন্নাদীঘিতে (বর্তমান নীলসাগর) গোসল করার জন্য যান। পুকুরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সাতরিয়ে যাওয়ার সময় মাঝ পথে ডুবে যায় সে। পরে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসের রংপুর ইউনিটের একটি ডুবুরি দল দুই দিন উদ্ধার অভিযান চালালেও কোন সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নীলফামারী স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক জানান,  রবিবার সকালে স্থানীয়রা মৃতদেহটি ভাসতে দেখে সেখানে থাকা পুলিশ সদস্যদের জানান। তারা আমাদের অবগত করে। পরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, ঘটনার দিন থেকে আমরা তৎপর ছিলাম। সেখানে  পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিলেন এবং এর পাশাপাশি প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন। মৃতদেহটি উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/এমআরএম